বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রাম আদালতে জিআরওর ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম আদালতে নগর পুলিশের প্রসিকিউশন বিভাগের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) উপপরিদর্শক (এসআই) মো. শাহীন ভূঁইয়ার টাকা গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

শাহীন ভূঁইয়া নগরীর থানাগুলোর নারী ও শিশু মামলার জিআরও হিসেবে প্রসিকিউশন বিভাগে কর্মরত ছিলেন। তিনি নতুন আদালত ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে দায়িত্ব পালন করতেন। ভাইরাল হওয়া ৩২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, তিনি নিজের কক্ষে বসে আছেন। এ সময় আইনজীবী তন্ময় বসাক মানিব্যাগ থেকে তিনটি নোট বের করে তার হাতে দেন। এরপর শাহীন সেগুলো গুনে নিজের কাছে রেখে দেন।

এ বিষয়ে আইনজীবী তন্ময় বসাক জানান, “ভিডিওতে যা দেখা যাচ্ছে, তা কোনো ঘুষ বা অনৈতিক লেনদেন নয়। আমার এক মক্কেলের জামিন হয়েছিল, সে সংক্রান্ত কাজে গিয়েছিলাম। কে ভিডিও করেছে তা জানি না।”

প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মফিজ উদ্দিন বলেন, “ভিডিওটি দেখেছি। শাহীনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ঘুষ দেওয়া ও নেওয়া দুটিই অপরাধ। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত