বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

পতেঙ্গায় ব্যাংকারের বাসার গ্রীল কেটে দুর্ধর্ষ চুরি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের পতেঙ্গায় এক ব্যাংক কর্মকর্তার বাসার জানালার গ্রীল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা করেছেন। পুলিশ বলছে, চোর চক্রকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

শনিবার (২৩ আগস্ট) সকালে চুরির ঘটনায় মামলা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান। তিনি জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মামলা নেওয়া হয়েছে এবং চক্রের সদস্যদের সনাক্তপূর্বক আটকের চেষ্টা চলছে।

এজাহার সূত্রে জানা যায়, ২২ আগস্ট (শুক্রবার) রাত সাড়ে ৩টার দিকে দক্ষিণ পতেঙ্গা ডেইলপাড়া মাজার গলি এলাকার ইসলামী ব্যাংক কাটগড় বাজার এজেন্ট ইনচার্জ সালেহ নূরের বাসায় চুরির ঘটনা ঘটে।

সি‌সি‌টি‌ভি ফুটেজ পর্যালোচনায় সন্দেহভাজন হিসেবে মোঃ বাদশা (২৬) ও রমিজ (১৬)-এর নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলাকারী সালেহ নূর বলেন, চোরের দল জানালার গ্রীল কেটে বাসায় প্রবেশ করে ছেলের ল্যাপটপ, তিনটি মোবাইল ফোন এবং স্ত্রীর নগদ ৪০ হাজার টাকা নিয়ে গেছে। তিনি আরও জানান, “সি‌সি‌টি‌ভি ফুটেজ দেখে সন্দেহভাজন দুইজনকে চিহ্নিত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, চুরিতে আরও অনেকে জড়িত থাকতে পারে। তারা এলাকায় কোনো কাজকর্ম করে না এবং ইয়াবা, গাঁজা ও মদ নিয়ে নানান অপকর্মে জড়িত থাকে।”

পুলিশ বলছে, অভিযুক্তদের ধরতে অভিযান চলছে এবং খুব শিগগিরই চোর চক্রকে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত