চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় তিন মাস ধরে কার্গো অপারেশন কার্যত অচল হয়ে পড়েছে। কাস্টমসের একমাত্র স্ক্যানিং মেশিন বিকল থাকায় ব্যাগ কেটে পরীক্ষা করে মালামাল খালাস দেওয়া হচ্ছে। এতে যাত্রী, প্রবাসী ও ব্যবসায়ীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। পাশাপাশি কারচুপি, চোরাচালান ও নিষিদ্ধ পণ্য প্রবেশের ঝুঁকি বাড়ছে।
বিমানবন্দর সূত্র জানায়, গত ২৯ মে অকেজো হয়ে যায় কার্গো শেডের স্ক্যানারটি। অস্থায়ী সমাধান হিসেবে অব্যবহৃত রপ্তানি স্ক্যানার ব্যবহার করা হলেও সেটিও ১৭ জুলাই বিকল হয়ে পড়ে। তখন থেকে স্ক্যানিং কার্যক্রম সম্পূর্ণ বন্ধ।
সরেজমিনে দেখা যায়, কাস্টমস কর্মীরা কার্টন কেটে কেটে পণ্য পরীক্ষা করছেন। এতে যাত্রীদের ব্যক্তিগত জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর ব্যবসায়ীদের বাড়তি খরচ গুনতে হচ্ছে।
ভিউ পয়েন্ট সিএন্ডএফ এসোসিয়েশনের স্বত্ত্বাধিকারী মো. আবুল বশর বলেন, “দীর্ঘসূত্রতা ও বিড়ম্বনা যাত্রীসেবা ও ব্যবসার ওপর বিরূপ প্রভাব ফেলছে। দ্রুত স্ক্যানার সচল না হলে আন্তর্জাতিক মান ক্ষুণ্ন হবে।”
সাবেক নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) এমদাদুল ইসলাম বলেন, “স্ক্যানিং বন্ধ থাকায় জাতীয় নিরাপত্তা হুমকির মুখে। এতে চোরাচালান ও নিষিদ্ধ পণ্য প্রবেশের ঝুঁকি বেড়েছে।”


