কক্সবাজারের চকরিয়া থানা হাজতে দুর্জয় চৌধুরীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। এর আগে এ ঘটনায় তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছিল।
কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন জানান, নতুনভাবে তৌহিদুল আনোয়ারকে চকরিয়া থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং শফিকুল ইসলামকে কক্সবাজার পুলিশ কন্ট্রোল রুমে সংযুক্ত করা হয়েছে।
গত শুক্রবার সকালে চকরিয়া থানা হাজত থেকে ঝুলন্ত অবস্থায় দুর্জয় চৌধুরীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, তিনি আত্মহত্যা করেছেন। তবে পরিবার দাবি করছে এটি পরিকল্পিত হত্যা। নিহত দুর্জয় চাকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হিন্দুপাড়ার বাসিন্দা ও চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর ছিলেন।
পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কোনো মামলা বা ওয়ারেন্ট ছাড়া তাকে থানায় রাখা হয়েছিল। তার বাবা কমল চৌধুরী দাবি করেন, স্কুলের দুই শিক্ষক ষড়যন্ত্রের মাধ্যমে এই ঘটনার সঙ্গে জড়িত এবং দুর্জয়ের ল্যাপটপ ও ব্যাগ এখনও উদ্ধার করা যায়নি।
ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।


