চট্টগ্রাম নগরীর বায়েজিদে অবস্থিত জালালাবাদ তালিমুল কোরআন হেফজ ও এতিমখানায় বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতের মধ্যে প্রায় ৩০ হাজার টাকার ৩০ কেজি মাছ-মাংস চুরি হয়েছে। এ ঘটনার পর থেকে মাদ্রাসার এতিম শিক্ষার্থীরা মানবেতর জীবন যাপন করছে।
স্থানীয়রা জানান, চোর ফ্রিজে প্রবেশ করতে রান্নাঘরের চালের টিন ফুটো করেছে। চুরি হওয়া মাছ-মাংসে ছিল গরু, খাসি ও নানান প্রজাতির মাছ। মাদ্রাসার ১১০ জন শিক্ষার্থীর মধ্যে অধিকাংশই এতিম। এছাড়া ৭ জন শিক্ষক ও ১ জন বাবুর্চি রয়েছে। সপ্তাহে দুইদিন মাছ এবং দুইদিন মাংস রান্না করা হয়, বাকি তিন দিন সবজি ও ভাজি রান্না করা হয়। চুরির ফলে প্রায় ১০ দিনের মাছ-মাংসের সংস্থান নষ্ট হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে চুরির ভিডিও ভাইরাল হওয়ার পর ফেসবুকে ব্যাপক সমালোচনা হয়েছে। তবে এখনো থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
সামাজিক সংগঠন স্মাইল বাংলাদেশের পরিচালক নজরুল ইসলাম জয় বলেন, “চুরির পর থেকে শিক্ষার্থীরা মানবেতর জীবন যাপন করছে। মাদ্রাসার রান্নাঘরের টিনও চুরি হয়েছে। বিত্তবানদের সাহায্যের আহ্বান জানাই।”
মাদ্রাসার পরিচালক মাওলানা মোস্তাক আহমেদ বলেন, “কে বা কারা ফ্রিজ থেকে এত মাছ-মাংস চুরি করেছে তা এখনও অজানা। শিক্ষার্থীদের খাবারের জন্য আমরা সকলের সহযোগিতা কামনা করছি।”


