বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

শতভাগ আবাসন ও চাকসু তফসিলের দাবিতে ছাত্রশিবিরের অবস্থান

চবি প্রতিনিধি :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা, শতভাগ আবাসন নিশ্চিত ও সেশনজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ইসলামী ছাত্রশিবির।

রবিবার (২৪ আগস্ট) সকাল ১১.৩০ টায় প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করে দলটি।

এসময় আন্দোলনকারীরা ‘মাথার উপর ছাতা দে, নয় আবাসন ভাতা দে’, ‘জুলাইয়ের প্রশাসন, দাও শতভাগ আবাসন’, ‘চতুর্দিকে স্বৈরাচার, কবে হবে বহিস্কার’, ‘তোমার আমার অধিকার, চাকসু চাকসু’, ‘দিতে হবে দিয়ে দাও,চাকসু চাকসু’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

অবস্থান কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ, অফিস সম্পাদক হাবিবুল্লাহ খালেদ।

অফিস সম্পাদক হাবিবুল্লাহ খালেদ বলেন, ‘আমাদের কর্মসূচি চলমান অবস্থায় বিশ্ববিদ্যালয়ের মুহতারাম সেক্রেটারি মোহাম্মদ পারভেজের নেতৃত্বে ৭ সদস্যবিশিষ্ট একটি কমিটি নিয়ে উপ-উপাচার্য (প্রশাসন) স্যারের সাথে সাক্ষাৎ করে আমাদের দাবি জানাই। উপ-উপাচার্য স্যার এবং চাকসু নির্বাচন কমিশনার মনির উদ্দিন স্যার আমাদের জানান চলতি মাসের ২৮ তারিখ চাকসুর তফসিল ঘোষণা করা হবে।’

তিনি আরও বলেন, ‘যদি ২৮ তারিখ চাকসুর তফসিল ঘোষণা না করা হয় এবং শতভাগ আবাসন ও সেশনজটসহ আমাদের দাবিসমূহের দৃশ্যমান পদক্ষেপ না নেয়া হয় ২৮ তারিখ থেকে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।’

শাখা সেক্রেটারি মোহাম্মদ পারভেজ বলেন, ‘প্রায় প্রত্যেকটা বিষয়েই আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে, এটা খুবই দুঃখজনক। আমরা আজকে যে দাবিগুলোর প্রেক্ষিতে এখানে দাঁড়িয়েছি। যদি আগামী বৃহস্পতিবারের মধ্যে উনারা কথা না রাখেন, তাহলে ছাত্রশিবির লাগাতার কর্মসূচি দিবে। যা ক্ষেত্র বিশেষে কঠোর থেকে কঠোরতর হবে।’

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির শতভাগ আবাসন, চাকসু নির্বাচন, নিরাপদ যাতায়াত, সেশনজট নিরসন, ফ্যাসিবাদের দোসরদের বিচারসহ ০৭ দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলো। আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্রশিবির গণস্বাক্ষর কর্মসূচি,প্রতীকী সিট বন্টন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ, বুকলেট বিতরণ, মানববন্ধন করেছে। সর্বশেষ আজকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে চবি ছাত্রশিবির।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত