দেশের কোথাও আজ রবিবার (২৪ আগস্ট) পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল সোমবার (২৫ আগস্ট) পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে।
এর ফলে আগামী ৬ সেপ্টেম্বর শনিবার সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
আজ সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক।
সভায় দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করা হয়।
এছাড়া সভায় চাঁদ দেখা সংক্রান্ত নীতিমালার খসড়া উপস্থাপন করা হলে ১০ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।


