বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

অসাধারণ মানবিক কর্মকাণ্ডে তিন পুলিশ সদস্যকে পুরস্কৃত করলেন সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক :

অসাধারণ মানবিক কর্মকাণ্ড ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে তিনজন পুলিশ সদস্যকে পুরস্কৃত করলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার জনাব হাসিব আজিজ।

রবিবার (২৪ আগস্ট) সিএমপি হেডকোয়ার্টার্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিন পুলিশ সদস্যের হাতে পুরস্কারের নগদ অর্থ ও সনদপত্র তুলে দেন কমিশনার।

পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যরা হলেন—ট্রাফিক বিভাগের সার্জেন্ট মোঃ আব্দুল্লাহ আল মোজাহিদ, সার্জেন্ট মোঃ জাহিদুর রহমান এবং কনস্টেবল মহিউদ্দীন হোসেন।

গত ৯ আগস্ট নগরীর দেওয়ানহাট মোড়ে দায়িত্ব পালনের সময় প্রসব বেদনায় কাতর এক মানসিক ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ান এই তিন পুলিশ সদস্য। তারা দ্রুত এবং মানবিক পদক্ষেপের মাধ্যমে নারীটির পাশে দাঁড়িয়ে চিকিৎসা ও নিরাপত্তার ব্যবস্থা করেন। এ কর্মকাণ্ডকে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করে সিএমপি কমিশনার তাদেরকে পুরস্কৃত করেন।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে কমিশনার হাসিব আজিজ, বিপিএম বলেন, “এমন কর্মকাণ্ড সমাজে পুলিশের প্রতি আস্থা আরও দৃঢ় করবে। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিকতা প্রকাশের মাধ্যমে পুলিশ জনগণের আস্থা অর্জন করতে পারে। এই তিন সদস্যের কর্মকাণ্ড সেই উদাহরণ।”

তিনি আরও বলেন, পুলিশের কাজ শুধু অপরাধ দমন নয়, বরং সংকটময় মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোও দায়িত্বের অংশ। তিনি সকল পুলিশ সদস্যকে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এ ধরনের মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যদের সাহসিকতা ও মানবিকতার প্রশংসা করেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত