চট্টগ্রামের নিউ মার্কেট শাখায় বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুল (বিকেএফকেএস) ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) ড্যান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ব্ল্যাক বেল্ট ও সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) অনুষ্ঠিত এ আয়োজনে কারাতে শিক্ষার্থীদের সাফল্য উদযাপন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিকেএফকেএস সভাপতি আবু সাঈদ সেলিম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ও বিকেএফকেএস প্রধান উপদেষ্টা শাহজাদা আলম। সঞ্চালনা করেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, এশিয়ান কারাতে ফেডারেশনের কোচ ও বিকেএফ নির্বাহী সদস্য শিহান এ বি রনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এন্টি টেরোরিজম ইউনিটের ওসি ও সহ-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, আইন সম্পাদক ও স্বর্ণপদকজয়ী অ্যাডভোকেট ইমরান উদ্দিন খান, আইটি সম্পাদক ও সাংবাদিক বিধান দাশ, নির্বাহী সদস্য শাহেদুল হক শাহেদ, অ্যাডভোকেট সোনিয়া শারমিন, আলকরন শাখার প্রতিনিধি মুক্তা দাশ, সহকারী কোচ ও স্বর্ণপদকজয়ী সেনসাই উষা হ্লা মারমা, স্বর্ণপদকজয়ী সেনপাই তারিফাহ বিনতে রনি এবং জাদুশিল্পী কামাল।
বিকেএফকেএস-এর ১৪ জন শিক্ষার্থীর মধ্যে ব্ল্যাক বেল্ট পরীক্ষায় প্রথম হন জাতীয় পদকজয়ী লা-রাইবা কবীর চৌধুরী। দ্বিতীয় কোয়েল বনিক, তৃতীয় যুব গেমস ও জাতীয় পদকজয়ী শারমিন আক্তার। এছাড়া নুসরাত জাহান সুমাইয়া, সুমাইয়া আক্তার বাবু, সুমাইয়া ফাহমিদা, শাহরিয়ার জামাল প্রিন্স, সীমন রায় সোহা, সামিরা জান্নাত, মুনতাদির আল ফারাজ, আরিসা আফসান, ইমা দাশ, কনজ দাশ এবং রূপকথা মিত্রও ব্ল্যাক বেল্ট অর্জন করেন।
বেল্ট ও সনদ প্রদান শেষে কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সাবেক জাতীয় চ্যাম্পিয়ন ও বিকেএফ সভাপতি শিক্ষার্থীদের কিছু কারাতে কৌশল প্রদর্শন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


