চট্টগ্রামে দেড় দিন পর অপহৃত ১৮ মাস বয়সী শিশু আয়াতকে উদ্ধার করেছে ডবলমুরিং থানা পুলিশ। সোমবার (২৫ আগস্ট) সকালে হাটহাজারী থানাধীন নজুমিয়া হাট এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন মো. শফি, ফারজানা আক্তার রিয়া ও মো. বেলাল উদ্দীন সোহেল।
পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক দন্ধের জেরে শিশুটি অপহৃত হয়। গত শনিবার বিকেলে নগরের বেপারীপাড়া এলাকা থেকে মামাতো ভাই ইশান শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে নিয়ে যায়। পরে তাকে খুঁজে না পেয়ে পরিবার ডবলমুরিং থানায় অভিযোগ দায়ের করে।
অভিযোগের ভিত্তিতে পুলিশ কক্সবাজার, খাগড়াছড়ি ও বিভিন্ন স্থানে অভিযান চালায়। টানা দুইদিনের রুদ্ধশ্বাস অভিযানের পর সোমবার হাটহাজারী থেকে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।


