বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি মো. মোরশেদুল ইসলাম চৌধুরী বলেছেন, যে পরিস্থিতিই আসুক, জামায়াতের কর্মীরা হতাশ হবেন না, হাল ছেড়ে দেবেন না এবং মাথা নত করবেন না। ধৈর্য, দোয়া ও অবিচল প্রচেষ্টার মাধ্যমে তারা তাদের দায়িত্ব পালন করে যাবে।
সোমবার (২৫ আগস্ট) চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার দেওয়ান বাজার ওয়ার্ড আয়োজিত কর্মী শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মহানগরীর অফিস (বিআইএ) মিলনায়তনে আয়োজিত এই বৈঠকে তিনি সূরা আলে ইমরানের কয়েকটি আয়াতের ব্যাখ্যা তুলে ধরে কর্মীদের ধৈর্য, মনোবল এবং দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন।
সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বর্তমানে জামায়াতে ইসলামীর প্রস্তাবিত ৭ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়া প্রতিটি কর্মীর অন্যতম দায়িত্ব। পাশাপাশি তিনি নির্বাচন ব্যবস্থার সংস্কারের ওপর জোর দিয়ে বলেন, “গতানুগতিক নির্বাচনে ভোটারের মতামত যথাযথভাবে প্রতিফলিত হয় না। কিন্তু পিআর (Proportional Representation) পদ্ধতিতে প্রতিটি ভোটারের ভোটের সঠিক মূল্যায়ন হবে এবং সকল দলের ও এলাকার প্রতিনিধিত্বের ভারসাম্য নিশ্চিত হবে।”
বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোতোয়ালি থানা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুজ জাহের এবং থানা সেক্রেটারি মোস্তাক আহমদ। তারা কর্মীদের জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করার আহ্বান জানান এবং আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রত্যেক ভোটারের সঙ্গে নিয়মিত সাক্ষাতের তাগিদ দেন।
শিক্ষা বৈঠকে সভাপতিত্ব করেন দেওয়ান বাজার ওয়ার্ড আমীর এডভোকেট আনোয়ার সা’দত এবং সঞ্চালনা করেন ওয়ার্ড সেক্রেটারি শাহ কামাল হাসান। এতে উপস্থিত ছিলেন ওয়ার্ড শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুল হক, আবদুল মতিন, মো. হোসেন, অহিদুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।


