বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম নগরের কোতোয়ালী ও বাকলিয়া থানা এলাকায় র‌্যাব, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। একই সঙ্গে চারটি কারখানাকে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একটি কারখানাকে সীলগালা করে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে বাকলিয়া রাজাখালী এলাকায় অভিযান শুরু হয়। র‌্যাব-৭ ও পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এসব কারখানার থেকে প্রায় এক হাজার কেজি অনুমোদনবিহীন পলিথিন জব্দ করা হয়েছে। প্রতিটি কারখানার মালিককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পলিথিনের উৎপাদন বন্ধে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। অনুমোদনবিহীন কারখানায় উৎপাদিত পলিথিনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।

ভ্রাম্যমান আদালত পরিচালনায় জেলা প্রশাসনের পক্ষে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কনা, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শফিকুল ইসলাম এর নেতৃত্বে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি দল এ অভিযান পরিচালনা করে।

এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা উপস্থিত ছিলেন। তিনি জানান, ‘প্রিন্টেড পলির উৎপাদনের অনুমতি থাকলেও কারখানাগুলোতে ক্লিয়ার পলিথিন উৎপাদন হচ্ছিল, যা আইনত নিষিদ্ধ। এজন্য জরিমানা ও পলিথিন জব্দ করা হয়েছে।’

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত