চট্টগ্রামের লোহাগাড়ায় নগদ ৪ লাখ ৫১ হাজার টাকা ও প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কারসহ এক পেশাদার চোরকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট প্রবাসীর স্ত্রী খাদিজাতুল কোবরা রাফি কক্সবাজারের চকরিয়ায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য আমিরাবাদ স্টেশন এলাকার মুনস্টার দোকানের সামনে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এসময় ভিখারীর বেশে এক ব্যক্তি সঙ্গে থাকা এক মহিলাকে উস্কানিমূলক কথা বলে। এতে তাদের মধ্যে বাকবিতণ্ডা হলে, সুযোগ বুঝে মহিলা আসামি তসলিমা আক্তার সুকৌশলে প্রবাসীর স্ত্রীর কাঁধের ব্যাগ থেকে প্রায় ২ ভরি স্বর্ণালঙ্কার (২ জোড়া কানের দুল ও একটি আংটি) চুরি করে পালিয়ে যায়।
পরে ২৫ আগস্ট ভূক্তভোগী খাদিজাতুল কোবরা রাফি অজ্ঞাতনামা চোরদের আসামি করে লোহাগাড়া থানায় মামলা করেন।
মামলার পর লোহাগাড়া থানা পুলিশ সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাঠগড় এলাকার একটি ভাড়া বাসা থেকে তসলিমা আক্তারকে গ্রেফতার করে। এসময় তার বাসা থেকে নগদ ৪ লাখ ৫১ হাজার টাকা এবং ৩ ভরি ১১ আনা ২ রতি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে—৫টি স্বর্ণের আংটি, ২টি স্বর্ণের চেইন, ৪ জোড়া কানের দুল ও ২টি নাকফুল।
উদ্ধারকৃত অলঙ্কারের মধ্যে একজোড়া কানের দুল ও একটি আংটি ভূক্তভোগী প্রবাসীর স্ত্রী তার নিজের বলে শনাক্ত করেন।
গ্রেফতার আসামিকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।


