চট্টগ্রাম মহানগর এলাকায় একটি সংঘবদ্ধ প্রতারক চক্র পুলিশ কর্মকর্তাদের নাম, পদবী ও ছবি ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। সম্প্রতি এ ধরনের একাধিক অভিযোগ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নজরে এসেছে।
সিএমপির একটি সূত্র জানিয়েছে, প্রতারক চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়। তারা ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভুয়া আইডি খুলে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করছে। কখনও আবার অপরিচিত মোবাইল নম্বর ব্যবহার করে ভুক্তভোগীদের কাছে ফোন করছে। এসব যোগাযোগে তারা নিজেদের উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দিচ্ছে এবং বিভিন্ন অজুহাতে অর্থ দাবি করছে।
অভিযোগে আরও জানা যায়, প্রতারকরা সরকারি কর্মকর্তাদের অফিসিয়াল ছবি, ভুয়া পরিচয়পত্র ও পদবী ব্যবহার করছে, যাতে সাধারণ মানুষ সহজেই বিভ্রান্ত হয়। ফলে অনেকেই ভয় বা সম্মানের কারণে তাদের কাছে অর্থ পাঠাচ্ছেন, যা সম্পূর্ণ প্রতারণামূলক।
সিএমপি এক সতর্কবার্তায় বলেছে, “এ ধরনের যোগাযোগ সম্পূর্ণ ভুয়া ও প্রতারণামূলক। কেউ যেন বিভ্রান্ত না হন।”
এ প্রসঙ্গে সিএমপির ৪ নির্দেশনার মধ্যে রয়েছে :
১. অপরিচিত ব্যক্তি বা নম্বরের মাধ্যমে কোনোভাবেই টাকা পাঠানো যাবে না। ২. পুলিশ কর্মকর্তা পরিচয়ে কেউ টাকা দাবি করলে সঙ্গে সঙ্গে কল, এসএমএস বা মেসেজের স্ক্রিনশট, ফোন নম্বর ও লিঙ্ক সংরক্ষণ করতে হবে। ৩. এমন ঘটনা ঘটলে দ্রুত নিকটস্থ থানায় অথবা সিএমপি কন্ট্রোল রুমে (01320-057998) অবহিত করতে হবে। ৪. পরিবারের সদস্য, বন্ধু ও পরিচিতজনদের এ বিষয়ে সচেতন করতে হবে।
মঙ্গলবার (২৬ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এমপি জানিয়েছে, প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ইতোমধ্যে গোয়েন্দা শাখাসহ বিভিন্ন ইউনিট মাঠে কাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী আশা করছে, দ্রুতই এই চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।


