চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) আমদানি করা ফুল কন্টেইনার লোড (এফসিএল) কন্টেইনারে আরোপিত চার গুণ ‘স্টোররেন্ট’ এক মাসের জন্য স্থগিত করেছে। বন্দর ইয়ার্ডে কন্টেইনার জট কমানো এবং কার্যক্রমকে গতিশীল রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে চবকের পরিবহন বিভাগের পরিচালক এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বন্দর ও ঢাকার কমলাপুর আইসিডিতে প্রযোজ্য এবং পানগাঁও আইসিটিতে চলতি বছরের ১০ মার্চ থেকে আরোপিত চার গুণ হারের স্টোররেন্ট সাময়িকভাবে স্থগিত থাকবে। ২৩ আগস্ট ২০২৫ থেকে ২২ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর হবে। তবে খালি কন্টেইনারের ক্ষেত্রে এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে না।
বন্দর সূত্রে জানা গেছে, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমদানিকারকদের দ্রুত কন্টেইনার ডেলিভারি নেওয়ার আহ্বান জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
এ বিষয়ে বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি ও কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান বলেন, “আমরা কখনো বাড়ানোর বিপক্ষে ছিলাম না। তবে বলেছিলাম, একটু আলোচনা করে বাড়ান। কয়েকটি মিটিংও হয়েছিল। তবে এটি ঠিক যে, গার্মেন্টস মালিক সচেতন না হলে কনটেইনার ফেলে রাখবে না। বন্দর তাদের জট নিরসনে এ আদেশ দিয়েছিল। তবে এক মাসের জন্য যে তারা বাড়তি স্টোররেন্ট স্থগিত করেছে, আমরা সেটিকে স্বাগত জানাই।”


