ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বিশ্বের ৯১টি দেশে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে নির্বাচন হয় এবং তারা এ পদ্ধতির বাইরে যায়নি। তাই আমাদেরও আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতেই হওয়া উচিত।
মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় ইসলামী যুব আন্দোলন শরীয়তপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুফতি রেজাউল করীম বলেন, “বাংলাদেশে যে পদ্ধতিতে নির্বাচন হয়ে আসছে, তার মাধ্যমে ফ্যাসিস্ট চরিত্রের সরকার তৈরি হয়। এই পদ্ধতির মাধ্যমে দেশের টাকা বিদেশে পাচার হয়। পিআর পদ্ধতিতে ভোটের মূল্যায়ন সঠিকভাবে হবে, প্রতিটি দলের প্রতিনিধি সংসদে থাকবেন, আর ফ্যাসিস্ট সরকার তৈরি হবে না। এভাবে আমাদের দেশ হবে সুন্দর এবং সংহত, যেখানে খুনি, চাঁদাবাজ বা দুর্নীতিবাজ থাকবে না।”
সমাবেশে ইসলামী যুব আন্দোলন শরীয়তপুর জেলার সভাপতি মুহাম্মদ তারেক জামিলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মাহমুদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক এসএম আজিজুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলার সভাপতি এস এম আহসান হাবিব।


