বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক দিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)। দেশীয় বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেক অপারেটর হিসেবে দায়িত্ব হারানোর পর থেকে বন্দরের কার্যক্রমে যে পরিবর্তন এসেছে, তারই প্রতিফলন এ রেকর্ড হ্যান্ডলিং।

গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৮টা থেকে শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এনসিটিতে সর্বমোট ৫ হাজার ১৯ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। এর মধ্যে ইমপোর্ট কনটেইনার ২ হাজার ১০১ টিইইউএস এবং এক্সপোর্ট কনটেইনার ২ হাজার ৯১৮ টিইইউএস। এটি এনসিটি পরিচালনার ইতিহাসে এক দিনে সর্বোচ্চ রেকর্ড।

চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড ৭ জুলাই থেকে এনসিটি-২, ৩, ৪ ও ৫ নম্বর বার্থ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব গ্রহণের পর থেকেই কনটেইনার হ্যান্ডলিং উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। চলতি মাসের ১ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত সিডিডিএল এর পরিচালনায় এনসিটি-২, ৩, ৪ ও ৫ নম্বর বার্থে সর্বমোট ১ লাখ ৯ হাজার ২১৭ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। অর্থাৎ প্রতিদিন গড়ে হ্যান্ডলিং হয়েছে ৩ হাজার ৯০৩ টিইইউএস, যা পূর্বের তুলনায় ৪০ শতাংশের বেশি।

চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড সূত্র জানিয়েছে, দায়িত্ব গ্রহণের পর থেকে ২৫ আগস্ট পর্যন্ত ৪৯ দিনে মোট কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৯৩১ টিইইউএস। আর এর আগের অপারেটরের একই সময়ের (১৯ মে থেকে ৬ জুলাই) হ্যান্ডলিং ছিল ১ লাখ ১৯ হাজার ২৭৬ টিইইউএস। অর্থাৎ দায়িত্ব গ্রহণের পর সিডিডিএল ৪৯ দিনে কনটেইনার হ্যান্ডলিং বৃদ্ধি করেছে ৪৬ দশমিক ৬৬ শতাংশ।

সিডিডিএল এর কর্মকর্তা ও সদস্যরা জাহাজ পয়েন্ট, ডেলিভারি পয়েন্ট, এপ্রাইজমেন্ট পয়েন্ট, সিএন্ডএফ শেডসহ গেটসমূহে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করায় বন্দরের কার্যক্রম আরও গতিশীল হয়েছে। পূর্বের তুলনায় জাহাজের গড় অবস্থানকালও কমে এসেছে ১০ ঘণ্টা।

সম্প্রতি এনসিটি পরিদর্শনে এসে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, “বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান ছাড়া বন্দর চলবে না, এমন ধারণা গত ১৭ দিনে ভুল প্রমাণিত হয়েছে। চট্টগ্রাম ড্রাই ডক দায়িত্ব নেওয়ার পর কনটেইনার হ্যান্ডলিংয়ে ১২ দশমিক ১০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে এবং জাহাজের অবস্থানকাল কমেছে ১০ ঘণ্টা। এটি বড় ধরনের একটি অর্জন।”

বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, “ড্রাই ডক দায়িত্ব নেওয়ার পর প্রতিদিন গড়ে ৩৫০ থেকে ৪০০ কনটেইনার বেশি হ্যান্ডলিং হচ্ছে। আশা করছি সামনের দিনগুলোতে তারা আরও ভালো করবে।”

সংশ্লিষ্টরা মনে করছেন, এনসিটির এ উন্নয়ন দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। দক্ষ ব্যবস্থাপনা বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতেও সহায়ক হবে। চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড এর সাফল্য ভবিষ্যতের অপারেটরদের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত