চট্টগ্রামের ডবলমুরিং থানার পুলিশ সংঘবদ্ধ চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে। চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে ড্রোন, ল্যাপটপসহ প্রায় পাঁচ লক্ষ টাকার বিভিন্ন জিনিসপত্র। শনিবার (৩০ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ।
পুলিশ জানায়, গত ২২ আগস্ট রাতে আমবাগান সিটি ১৭৭ নম্বর রোডের একটি আবাসিক স্কুলে চুরির ঘটনা ঘটে। মামলার পর তদন্তে নেমে পুলিশ ২৭ আগস্ট ভোরে রাশেদুল ইসলাম রিয়াজ (২৪), মো. মাসুদ রানা মিশু (২৫) ও আজাদুল করিম মিশু (২৫)-কে গ্রেফতার করে।
অভিযানে উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে— ১টি ডিজিটাল হাতঘড়ি, ১টি ডিজিটাল ক্যামেরা, ১টি ভিডিও ক্যামেরা, ক্যামেরার সঙ্গে ব্যবহৃত ৪টি লেন্স, ২টি ক্যামেরার ব্যাগ এবং ১টি মাইক্রোফোন।
ওসি বাবুল আজাদ জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসে চুরি করছিল। আধুনিক প্রযুক্তির সহায়তায় দ্রুত সময়ে তাদের শনাক্ত করা সম্ভব হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা দায়ের করা হয়েছে।


