বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস কক্সবাজারে

নিজস্ব প্রতিবেদক :

 

কক্সবাজারে একদিনের সফরে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস বর্তমানে মহেশখালীতে অবস্থান করছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কক্সবাজার পৌঁছান। তার সঙ্গে ছিলেন কে এম আতিকুল ইসলাম ও মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া। তবে এ দুই ব্যক্তির কোনো প্রাতিষ্ঠানিক পরিচয় মেলেনি।

কক্সবাজার পৌঁছে তারা নুনিয়ারছড়া ঘাট থেকে স্পিডবোটে মহেশখালী যান। সেখানেই কুতুবজোম ইউনিয়নে হোপ ফাউন্ডেশন ও যুক্তরাষ্ট্রভিত্তিক এলএনজি কোম্পানি এক্সিলারেট এনার্জির যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এক্সিলারেট হোপ হসপিটাল পরিদর্শন করেন। মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক জানিয়েছেন, সকাল ১১টার দিকে প্রতিনিধি দলটি হাসপাতালে পৌঁছায়।

হাসপাতালে হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর তাদের অভ্যর্থনা জানান। পিটার হাস হাসপাতালের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এরপর তারা বড় মহেশখালীতে আরও কিছু কর্মসূচিতে যোগ দেন বলে জানা গেছে, তবে বিস্তারিত প্রকাশ পায়নি।

সূত্র জানিয়েছে, তিনি বর্তমানে এক্সিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে কাজ করছেন এবং সেই দায়িত্বেই মহেশখালী সফরে গিয়েছেন। বিকেলে প্রতিনিধি দলটি ঢাকায় ফিরে আসবেন বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত ঢাকায় রাষ্ট্রদূত থাকার সময়ে পিটার হাস বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরব ভূমিকার কারণে আলোচনায় ছিলেন। এ বছরের এপ্রিলেও তিনি ঢাকায় ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত এক বাণিজ্যিক বৈঠকে অংশ নেন, যেখানে ব্যবসা-বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত