চট্টগ্রাম নগরীতে পুলিশের সেবা আরও দ্রুত ও কার্যকর করতে উদ্বোধন করা হলো ‘আসকারদিঘী পুলিশ ফাঁড়ি’। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ।
উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশনার বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সিএমপি আগের তুলনায় ফুট পেট্রোলিং, মোবাইল পার্টি ও চেকপোস্ট কার্যক্রম বাড়িয়েছে। পাশাপাশি নগরজুড়ে সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং চালানো হচ্ছে।
তিনি আরও জানান, অনলাইন অপরাধ নিয়ন্ত্রণ ও সনাক্তকরণে সিএমপি’র কাউন্টার টেরোরিজম ইউনিট নিরলসভাবে কাজ করছে। নগরবাসীকে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, “হ্যালো সিএমপি” অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ তথ্য প্রদান করলে পুলিশ অপরাধ দমনে আরও দ্রুত ব্যবস্থা নিতে পারবে।
এ সময় উপস্থিত ছিলেন, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) মো. হুমায়ুন কবির, উপ-পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।


