মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Single Top Banner

চবিতে রবিবার থেকে ক্লাস ও পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম পুরোদমে সচল রাখতে করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপাচার্য দপ্তরের সিনেট কক্ষে আয়োজিত সভায় বক্তারা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রশাসনকে আন্তরিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। তারা চলমান পরিস্থিতি ও অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিজ্ঞতা তুলে ধরে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। সভায় সিদ্ধান্ত হয়, আগামী ৭ সেপ্টেম্বর রবিবার থেকে ক্লাস ও পরীক্ষা পুরোদমে শুরু হবে।

সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে যেকোনো ঘটনা ঘটলে তিনি সরাসরি উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এবং কোনো অবহেলা করেন না। তিনি শিক্ষার্থীদের ভুল তথ্যে প্রভাবিত না হয়ে নিজের বিবেক ব্যবহার করার আহ্বান জানান। আবাসন সংকট নিরসনে ১০ তলা বিশিষ্ট ১০টি আবাসিক হল নির্মাণের পরিকল্পনা এবং চবি মেডিকেলকে নতুনভাবে সাজানোর উদ্যোগের কথাও জানান তিনি। আহত শিক্ষার্থীদের চিকিৎসা সেবা অব্যাহত আছে বলেও উপাচার্য উল্লেখ করেন।

উপ-উপাচার্য (একাডেমিক) বলেন, একাডেমিক কার্যক্রম সচল রাখতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের সহযোগিতা অপরিহার্য। তিনি প্রতিটি বিভাগ ও ইনস্টিটিউটকে ক্লাস-পরীক্ষা পুরোদমে চালুর উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান। উপ-উপাচার্য (প্রশাসন) বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হলো সবার সম্মিলিত প্রচেষ্টা, তাই একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখতে সবাইকে বার্তা পৌঁছে দিতে হবে।

মতবিনিময় সভায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, হলের প্রভোস্ট, সিন্ডিকেট সদস্য, প্রশাসনিক কর্মকর্তা এবং শিক্ষকরা বক্তব্য রাখেন। তাঁরা একাডেমিক পরিবেশ স্বাভাবিক করতে করণীয় বিষয়ে সুপারিশমালা উপস্থাপন করেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত