বাংলাদেশ টেলিভিশনের শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’-২০২৫-এর আবেদনের সময়সীমা ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
আজ (৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামানের সভাপতিত্বে চট্টগ্রাম আঞ্চলিক ও বিভাগীয় বাছাই প্রস্তুতি সংক্রান্ত অংশীজনদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের প্রযোজক ও অডিশন কমিটির সদস্য সচিব উম্মে হাবিবা দীনাসহ চট্টগ্রামের সিনিয়র সঙ্গীত, নাট্য, নৃত্য ও আবৃত্তি শিল্পীগোষ্ঠীর প্রতিনিধি, পুলিশ সুপারের প্রতিনিধি, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার শিল্পকলা একাডেমী এবং শিশু একাডেমীর কর্মকর্তা, সংস্কৃতিকর্মী ও সাংবাদিকরা।
সভায় জানানো হয়, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের আঞ্চলিক অডিশন জেলা এবং বিভাগীয় অডিশন জেলা শিল্পকলা একাডেমী, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহোদয় বিটিভির জনপ্রিয় এই প্রতিযোগিতার শৈশবের স্মৃতির কথা তুলে ধরেন এবং এবারের প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করার ক্ষেত্রে সকল রকম সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় অডিশন আয়োজনের কার্যক্রম এবং অংশগ্রহণ প্রক্রিয়া নিয়ে অংশীজনরা তাদের মতামত ব্যক্ত করেন। আলোচনায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং প্রতিযোগিতার সফল বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবাই নিজেদের অবস্থান থেকে সার্বিক সহযোগিতা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, ‘নতুন কুঁড়ি’-২০২৫-এর ১২টি বিষয়ে অনলাইন ও অফলাইন আবেদন/রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে। আগ্রহী শিশু-কিশোররা ১৩ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।


