আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় জরুরি ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান ১১ দশমিক ২২৭ টন ত্রাণ নিয়ে কাবুলের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
গত ৩১ আগস্ট স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ দশমিক শূন্য মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত অন্তত ২ হাজার ২০৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩ হাজার ৬৪০ জনের বেশি। এছাড়া ৮ হাজারের বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ফলে দেশটিতে খাদ্য, বিশুদ্ধ পানি, আশ্রয় ও চিকিৎসাসামগ্রীর তীব্র সংকট দেখা দিয়েছে।
প্রধান উপদেষ্টার নির্দেশে ক্ষতিগ্রস্ত আফগান জনগণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ মানবিক সহায়তা পাঠানো হয়। প্রেরিত ত্রাণের মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, শীতবস্ত্র, বিশুদ্ধ পানি, শুকনো খাবার, কাপড়, বিস্কুট, মিল্ক পাউডার, নুডুলস ও ওষুধ। ত্রাণ হস্তান্তর শেষে বিমানটি একই দিনে দেশে ফিরে আসবে বলে জানা গেছে।
ত্রাণবাহী বিমানটি যাত্রার আগে এক সংবাদ ব্রিফিং করেন সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন্স ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আলীমুল আমীন। এসময় সশস্ত্র বাহিনী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিমান বাহিনীর প্রতিনিধি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সশস্ত্র বাহিনী জানিয়েছে, সরকারের পক্ষ থেকে প্রেরিত এ সহায়তা আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সহায়ক ভূমিকা রাখবে। ভবিষ্যতেও বৈশ্বিক যেকোনো মানবিক প্রয়োজনে সরকারের নির্দেশনা অনুযায়ী সহায়তায় এগিয়ে আসবে সশস্ত্র বাহিনী।


