কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বসতঘরে ডাকাতি ও গরু লুটের ঘটনা ঘটেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের ছাতিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা মাসুদ রানা জানান, ভোরে মসজিদে আযান দিতে যাওয়ার পথে ইমাম মাওলানা সাজ্জাদ হোসেনকে রাস্তায় পহরায় থাকা সশস্ত্র ডাকাতরা জিম্মি করে। পরে মরহুম বজল আহমদের বাড়ির সিসি ক্যামেরা ভেঙে ফেলে তারা। এর পরপরই মৃত রজি উল্লাহর ছেলে বেলাল উদ্দিনের গোয়াল ঘরে হামলা চালিয়ে আড়াই লক্ষাধিক টাকা মূল্যের দুটি গরু লুট করে ডাকাতরা।
পরিবারের সদস্যরা চিৎকার করলে তারা ঘরের দরজা ভেঙে প্রবেশ করে, অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে এবং মহিলাদের পরনে থাকা স্বর্ণালঙ্কার লুট করে নেয়। পরে ডাকাতরা গাড়ি যোগে ঘটনাস্থল ত্যাগ করে।
জালালাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তিনি থানা পুলিশকে অবহিত করেছেন। তবে থানার ওসি মো. মছিউর রহমানের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, প্রায় তিন মাস আগে একই এলাকায় আবদু ছমদের গোয়াল ঘর থেকেও ৪টি গরু ডাকাতি হয়েছিল।


