বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

টেকনাফে অপহৃত তিন কৃষক মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় বিভিন্ন সময়ে অপহৃত তিন কৃষক মুক্তিপণ দিয়ে তিন রাত জিম্মি থাকার পর ঘরে ফিরেছেন। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, অপহরণকারীরা তাদের কাছ থেকে প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা মুক্তিপণ আদায় করেছে।

বাড়ি ফেরা কৃষকরা হলেন বাহারছড়া ইউনিয়নের চৌকিদার পাড়া এলাকার মো. আব্দুল্লাহর ছেলে মো. আলী (৩২), আবুল মনজুরের ছেলে রহমত উল্লাহ (১৬) এবং আব্দুস সালামের ছেলে সুলতান আহমদ (৩৪)।

পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে ক্ষেতের কাজ করতে গিয়ে প্রথমে কৃষক মো. আলীকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়। দুপুরে ক্ষেত-খামারে যাওয়ার সময় রহমত উল্লাহ এবং পানের বরজে কাজ করার সময় সুলতান আহমদকে একই কায়দায় অপহরণ করে চক্রটি। পরে তাদের পাহাড়ে নিয়ে গিয়ে নির্যাতন চালানো হয় এবং মুক্তিপণের জন্য চাপ দেওয়া হয়।

৭২ ঘণ্টারও বেশি সময় জিম্মি থাকার পর রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুক্তিপণের টাকা পরিশোধ করলে তারা মুক্তি পান। অসুস্থ শরীরে বাড়ি ফেরার পর তিনজনকেই স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভুক্তভোগী মো. আলীর স্বজন ইমাম হোসেন বলেন, “তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

তিনি আরও অভিযোগ করেন, “প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবে টেকনাফে অপহরণ এখন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। এর আগেও অনেক ভুক্তভোগী মুক্তিপণ দিয়ে ফিরতে বাধ্য হয়েছেন। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষের পক্ষে নিরাপদ ও স্বাভাবিক জীবনযাপন সম্ভব হবে না।”

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, “অপহরণ হওয়া তিন কৃষক বাড়ি ফেরার খবর পেয়েছি।”

কক্সবাজার জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৯ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে অন্তত ২৬৩ জনকে অপহরণ করা হয়েছে। এর মধ্যে অধিকাংশকেই মুক্তিপণ দিয়েই ফিরতে হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত