সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
Single Top Banner

সেপ্টেম্বরের প্রথম সাত দিনে রেমিট্যান্স এসেছে ৭৭ কোটি ১০ লাখ ডলার

নিজস্ব প্রতিবেদক :

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম সাত দিনে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ৭৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার। টাকায় এর পরিমাণ প্রায় ৯ হাজার ৩৭৮ কোটি ৩৫ লাখ ৯৪ হাজার ৯৮৪ টাকা (প্রতি ডলার ১২১ দশমিক ৬৪ টাকা ধরে)।

সোমবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৫৮ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ এক বছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩১ দশমিক ৯০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, গত আগস্ট মাসে দেশে এসেছে ২৪২ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯ হাজার ৫৪৮ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। আগের বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২২২ কোটি ৪০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে আগস্টে রেমিট্যান্স বেড়েছে ১৯ কোটি ৮০ লাখ ডলার বা ৮ দশমিক ৯ শতাংশ।

এর আগে, জুলাই মাসে দেশে রেমিট্যান্স আসে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা। তবে ওই মাসে ৮টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। এসব ব্যাংকের মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), বেসরকারি খাতে কমিউনিটি ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক এবং বিদেশি ব্যাংকের মধ্যে হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

অর্থনীতিবিদরা বলছেন, ধারাবাহিক প্রবাসী আয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি এনে দিয়েছে। এর আগে ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে দেশে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স আসে, যা সেই বছরের রেকর্ড ছিল। পুরো অর্থবছরজুড়ে প্রবাসী আয় দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত