বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর ‘হাসিনা স্টাইলে’ পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক :

সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ ও দুর্নীতির বিরুদ্ধে টানা বিক্ষোভে উত্তাল হয়ে ওঠা নেপালে ১৯ জনের মৃত্যুর ঘটনায় অবশেষে পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তিনি পদত্যাগপত্র জমা দেন।

রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন উঠেছে, পদত্যাগের পর তিনি দেশ ছাড়তে পারেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ওলি সম্ভবত দুবাই অথবা ভারতে আশ্রয় নেবেন। এ কারণে ভারত–নেপাল সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে।

পদত্যাগের আগে এক বিবৃতিতে ওলি বলেন, “চলমান সংকটের সংবিধানসম্মত সমাধানের পথ সুগম করার জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।” তিনি আরও জানান, আলোচনার মাধ্যমেই এই সংকট নিরসন সম্ভব।

এদিন ভোর থেকে রাজধানী কাঠমান্ডুসহ সারা নেপালে বিক্ষোভ চলতে থাকে। উত্তেজিত জনতা একাধিক প্রভাবশালী নেতার বাসভবনসহ রাজনৈতিক দলগুলোর কার্যালয়ে হামলা চালায়। আক্রমণের শিকার হন সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাও।

বিক্ষোভ চলাকালে সিভিল সার্ভিস হাসপাতালের নির্বাহী পরিচালক মোহন রেগমি নিশ্চিত করেন, মঙ্গলবার অন্তত দুজন নিহত হয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন আরও ৯০ জন। তবে বিভিন্ন গণমাধ্যমের হিসাব অনুযায়ী এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে।

এর আগে তরুণদের আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীর কঠোর পদক্ষেপের পর দেশে উত্তেজনা আরও বাড়তে থাকে। এ পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী ওলি। তিনি বলেছিলেন, “রাজধানীসহ সারা দেশে যে সহিংসতা চলছে তা দেশের স্বার্থে ভালো নয়। শান্তিপূর্ণ আলোচনাই এখন জরুরি।”

ওলির পদত্যাগে নেপালের রাজনৈতিক অঙ্গনে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত