বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের রাউজান পৌর এলাকায় বিএনপির সহযোগী সংগঠনের দুই গ্রুপের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম গহিরা মিয়ার ঘাটা এলাকায় এ সংঘর্ষ হয়।

এ ঘটনায় ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. রাশেদ (৩৫) ও অপর গ্রুপের বিএনপি কর্মী আজগর আলী (৪৫) গুরুতর আহত হন। আহত আজগর আলীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং মো. রাশেদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ক্যাবল নেটওয়ার্ক ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে রাশেদ ও আজগর আলীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। দীর্ঘদিন ধরে এ ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছিলেন আজগর আলী। তবে রাশেদসহ একটি গ্রুপ ব্যবসাটি দখল নিতে চাইছে। এ নিয়ে গত ১০ মাসে কয়েক দফা সংঘর্ষ ও মামলা হয়েছে।

পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান সোহেল অভিযোগ করে বলেন, আমাদের ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতিকে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। হামলাকারী আজগর আসলে বিএনপির অনুপ্রবেশকারী। অতীতে তাকে আওয়ামী লীগের সভা-সমাবেশে দেখা গেছে এবং আওয়ামী লীগের সাবেক এমপি ও নেতাদের সঙ্গে তার ছবি রয়েছে।

অপরদিকে পৌরসভার সাবেক কমিশনার আশেক রসুল রোকন বলেন, আমার কোনো গ্রুপ নেই। আমি সাবেক জনপ্রতিনিধি হিসেবে সামাজিক কর্মকাণ্ড করে আসছি। আহত আজগর আমার প্রতিবেশী। বিএনপির নাম ব্যবহার করে ক্যাবল ব্যবসা দখলের জন্য সন্ত্রাসী কায়দায় এ হামলা করা হয়েছে। এর আগেও এ নিয়ে হামলা-মামলা হয়েছে, যা পুলিশ প্রশাসন অবগত আছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা থানায় ফিরে বিস্তারিত জানাবে। তবে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত