বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, “অসাধু ব্যবসায়ীরা অতি লাভের আশায় খাদ্যদ্রব্য তৈরিতে মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান ব্যবহার করে থাকে। এসব ভেজাল খাদ্যের কারণে মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে। এর প্রতিরোধ আমাদেরকেই করতে হবে।”
গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সাতকানিয়ার একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি, সাতকানিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ঔষধ বিপণন ও চিকিৎসা বিষয়ক সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেরানিহাটের প্রবীণ ব্যবসায়ী হাজী আবুল বশরের সভাপতিত্বে এবং আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জসিম উদ্দিন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ বাদল শিকদার এবং চট্টগ্রামের ঔষধ তত্ত্বাবধায়ক মোহাম্মদ ফজলুল হক। স্বাগত বক্তব্য রাখেন আবু বক্কর সিদ্দিক।
অনুষ্ঠানে সাতকানিয়া সাংবাদিক সমিতির সভাপতি শহীদুল ইসলাম বাবরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় শাহজাহান চৌধুরী আরও বলেন, দেশের চিকিৎসা ব্যবস্থার ব্যাপক সম্প্রসারণ প্রয়োজন। জনসংখ্যার তুলনায় ডাক্তার ও চিকিৎসা কেন্দ্রের সংখ্যা একেবারেই অপ্রতুল। এ সমস্যা সমাধানে সবাইকে এগিয়ে আসতে হবে।


