বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

১২ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন

নিজস্ব প্রতিবেদক :

প্রায় তিন যুগ পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ অক্টোবর। এ নির্বাচনে মোট ২৮টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সামনে রেখে সংশোধন করা হয়েছে চাকসুর গঠনতন্ত্র। নতুন গঠনতন্ত্র অনুযায়ী সহ-সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকারবিষয়ক সম্পাদক, সহ-গবেষণা ও উদ্ভাবনবিষয়ক সম্পাদক, সহ-বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পদ বাতিল করা হয়েছে। এর পরিবর্তে চারটি নতুন পদ যুক্ত হয়েছে—সমাজসেবা ও পরিবেশবিষয়ক সম্পাদক, আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। এর ফলে মোট পদ অপরিবর্তিত থাকছে, অর্থাৎ ২৮টিই থাকছে। একইসঙ্গে হল সংসদ থেকেও সব সহ-সম্পাদকের পদ বাদ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) ও গঠনতন্ত্র প্রণয়ন কমিটির প্রধান অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন শনিবার এসব তথ্য নিশ্চিত করে বলেন, “নির্বাচনের তপশিল ঘোষণার দিন শিক্ষার্থীরা অনেক দাবি উত্থাপন করেছিল গঠনতন্ত্র সংশোধনের জন্য। সেই অনুযায়ী বৈঠক করে তাদের দাবি বিবেচনায় গঠনতন্ত্র সংশোধন করেছি।” এদিকে শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে প্রকাশ হওয়ার কথা চূড়ান্ত ভোটার তালিকা।

মনোনয়নপত্র বিতরণ শুরু হবে ১৪ সেপ্টেম্বর। প্রার্থীরা ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। মনোনয়নপত্র জমা নেওয়া হবে ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর। ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

চাকসুর এই নির্বাচনকে ঘিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অঙ্গনে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। দীর্ঘ সময় পর ভোটের মাধ্যমে ছাত্র সংসদ গঠনের সুযোগ পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত