বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

শারদীয় দুর্গাপূজায় অপতৎপরতা ঠেকাতে চট্টগ্রাম বিভাগে সমন্বয়কের দায়িত্বে মাহবুবের রহমান শামীম

নিজস্ব প্রতিবেদক :

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে অপতৎপরতা ঠেকাতে মাঠে থাকবে বিএনপি। পূজামণ্ডপগুলোতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে এবং দলীয় নেতাকর্মীদের সমন্বয়ে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে টিম গঠনের জন্য চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমকে বিভাগীয় সমন্বয়ক হিসেবে দায়িত্ব দিয়েছে দলটি।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে এ দায়িত্ব অর্পণ করা হয়। একই আদেশে দেশের প্রত্যেক বিভাগের সাংগঠনিক সম্পাদককে নিজ নিজ বিভাগের সমন্বয়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় কোনো ধরনের অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত ঘটনার চক্রান্ত যাতে কেউ করতে না পারে, সে বিষয়ে বিএনপির নেতাকর্মীরা সর্বদা সতর্ক ও সজাগ থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী এবং সকল ধর্মাবলম্বীর নির্বিঘ্নে ধর্ম পালনের অধিকারের প্রতি আস্থাশীল। তাই পূজাকে কেন্দ্র করে পতিত স্বৈরাচারের অনুচরেরা যেন কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারে—সেদিকে কঠোর নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে, শান্তি ও স্বস্তির সঙ্গে পূজা উদযাপন করতে পারেন, সেজন্য বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীকে সর্বোচ্চ সহযোগিতা দিতে হবে। দুর্গাপূজা উপলক্ষে জেলা সদর ও মহানগরসহ প্রতিটি পূজামণ্ডপে পূজা উদযাপন কমিটির সদস্য, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে একটি স্বেচ্ছাসেবক টিম গঠন করে দিন-রাত পাহারার ব্যবস্থা করা হবে।

এ ছাড়া বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা নিজ নিজ বিভাগের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং দুই-এক দিনের মধ্যে জেলার ও মহানগরের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করে নির্দেশনা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত