বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

চন্দনাইশে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূসহ নিহত ৩, আহত ৯

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের চন্দনাইশে যাত্রীবাহী একটি বাসের চাপায় শাশুড়ি-পুত্রবধূসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার জাতীয় মহাসড়কের দোহাজারী পৌরসভার সোনাই বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত নয়জন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন—চন্দনাইশ পৌরসভার ৫নং ওয়ার্ডের কারেজির বাড়ির করিম বকসুর স্ত্রী ফাতেমা বেগম (৭৫), তার ছেলে সেলিম উদ্দীনের স্ত্রী শামিমা আকতার (৩৭) এবং একটি ওষুধ কোম্পানির কর্মকর্তা ময়মনসিংহ সদরের মো. শরীফুল ইসলাম (৩০)।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ফাতেমা বেগম, তার পুত্রবধূ শামিমা ও পরিবারের অপর দুই সদস্য চিকিৎসার জন্য দোহাজারী পৌরসদর এলাকায় এসেছিলেন। চিকিৎসা শেষে একই সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে তাদের বহনকারী অটোরিকশা এবং পেছনে থাকা অপর একটি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে দুই অটোরিকশায় থাকা অন্তত ১২ জন গুরুতর আহত হন।

আহতদের প্রথমে দোহাজারী হাসপাতাল ও বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফাতেমা বেগম ও শামিমা আকতারকে মৃত ঘোষণা করেন। পরে বাকি আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান শরীফুল ইসলাম।

দোহাজারী হাইওয়ে থানার সাব–ইন্সপেক্টর মহিউদ্দীন জানান, দুর্ঘটনার পর বাস ও অটোরিকশা দুটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত