বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

মিয়ানমারে অবৈধভাবে পাচারকালে বিপুল পণ্যসহ ১১ জন আটক 

নিজস্ব প্রতিবেদক :

দেশের সার্বভৌমত্ব অটুট রাখা, সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, জলদস্যুতা ও চোরাচালান দমনসহ সামুদ্রিক সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার (১৪ সেপ্টেম্বর) মিয়ানমারে অবৈধভাবে পাচারের সময় বিপুল পরিমাণ পণ্যসামগ্রীসহ একটি বোট ও ১১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’।

বঙ্গোপসাগরে নিয়মিত টহলের অংশ হিসেবে নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযান সেন্টমার্টিনের ছেড়াঁ দ্বীপ হতে প্রায় ১০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের জলসীমায় একটি কাঠের বোট শনাক্ত করে। বোটটির গতিবিধি সন্দেহজনক মনে হলে জাহাজটি এগিয়ে যায়। এ সময় নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে আটক করা হয়। পরে জানা যায়, বোটটির নাম ‘এফ বি আহমদ উল্লাহ মাইজভান্ডারী-১’। বোটটিতে থাকা ১১ জন পাচারকারীসহ বোটটি জব্দ করা হয়।

পরবর্তীতে বোটটি তল্লাশি করে বিপুল পরিমাণ চোরাই পণ্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যসমূহ হলো—আলু ১৫,০০০ কেজি, রসুন ৭৫০ কেজি, ময়দা ২,৫০০ কেজি, মসুর ডাল ২,৫০০ কেজি, কোমল পানীয় (টাইগার/স্পিড) ১৪,৪০০ পিস, গ্যাস লাইটার ৬০০ পিস, শেভিং ব্লেড ৮০০ পিস, মোবাইল ফোন ৩টি, বাইনোকুলার ১টি, কম্পাস ১টি এবং কারেন্ট জাল ৪০০ ফুট।

আটককৃত পাচারকারী, বোট ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, সন্ত্রাস, চোরাচালান ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে গভীর সমুদ্র ও উপকূলীয় এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত