বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, লোহাগাড়ার আমিরাবাদের হাজারবিঘা এলাকার টংকাবতী খাল, পুটিবিলা ইউনিয়নের বিভিন্ন এলাকা এবং চুনতী সীমান্তের পানত্রিশা ও আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ী এলাকায় অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এসব এলাকার রাস্তাঘাট, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান ও খালপাড়ের বসতবাড়ি এখন মারাত্মক ঝুঁকির মুখে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে লোহাগাড়া টংকাবতী খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, বালু দেশের অন্যতম খনিজ সম্পদ। এই সম্পদ যথাযথভাবে ব্যবহার করতে হবে। অপরিকল্পিত ও অবৈধ বালু উত্তোলন অনতিবিলম্বে বন্ধ করতে হবে। এক বালু মহাল ইজারা নিয়ে শর্ত ভঙ্গ করে অন্য জায়গা থেকে বালু উত্তোলনের সুযোগ নেই। জামছড়ি বালু মহাল থেকে উত্তোলন পরিবেশের ক্ষতি করলে তার ইজারা বাতিলের জন্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম, উপজেলা জামায়াত ইসলামীর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ হাসান, পদুয়া ইউনিয়ন জামায়াত ইসলামীর আমীর আ ক ম হামিদুল হক, মাস্টার মোবারক আলী, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম শিকদার, সমাজসেবক আবুল কালাম ও পদুয়া যুব বিভাগের সভাপতি জিয়াবুল হোসেন প্রমুখ।


