বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

এশিয়া কাপে রোমাঞ্চ জয়, আফগানিস্তানকে হারিয়ে টিকে রইল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক :

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপে শ্বাসরুদ্ধকর জয় পেল বাংলাদেশ। শেষ ওভারের লড়াইয়ে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে গ্রুপ পর্বে টিকে থাকার আশা বাঁচিয়ে রাখল লিটন দাসের দল।

প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান তোলে বাংলাদেশ। ইনিংসের সেরা ছিলেন তরুণ ওপেনার তানজিদ হাসান—মাত্র ৩১ বলে খেলেন ঝড়ো ৫২ রানের ইনিংস। সাইফ হাসান করেন ৩০ রান, তাওহীদ হৃদয় ২৬ রান এবং শেষ দিকে নুরুল হাসান সোহান ৬ বলে ১২ রানের ক্যামিও খেলেন। আফগানিস্তানের হয়ে নূর আহমাদ ২ উইকেট নিয়ে দেন ২৩ রান, রশিদ খান নেন ২ উইকেট দিয়ে দেন ২৬ রান।

১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান শুরুতেই চাপে পড়ে। নাসুম আহমেদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাওয়ারপ্লেতেই দুই উইকেট হারায় তারা। এরপরও গুরবাজ (৩৫) ও আজমাতুল্লাহ ওমরজাই (৩০) কিছুটা প্রতিরোধ গড়েন। শেষ দিকে অধিনায়ক রশিদ খান (২০) ও নূর আহমেদ (১৪) ম্যাচে উত্তেজনা ফেরালেও মুস্তাফিজ-তাসকিনদের সামনে শেষ পর্যন্ত ২০ ওভারে ১৪৬ রানে অলআউট হয় আফগানিস্তান।

বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান নেন ৩ উইকেট (৪-০-২৮-৩)। নাসুম আহমেদ ৪ ওভারে মাত্র ১১ রান খরচে নেন ২ উইকেট, রিশাদ হোসেনও নেন ২ উইকেট। শেষ ওভারে আফগানিস্তানের দরকার ছিল ২২ রান। তাসকিনের প্রথম বলে ছক্কা মেরে উত্তেজনা ফেরান নূর আহমেদ। তবে শেষ রক্ষা হয়নি। বাংলাদেশ জয় তুলে নেয় ৮ রানে।

লিটন দাসের দল আপাতত গ্রুপে টিকে থাকলেও তাদের পরবর্তী ভাগ্য নির্ভর করছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা ম্যাচের ফলাফলের উপর।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ : ১৫৪/৫ (তানজিদ হাসান ৫২, সাইফ ৩০; রশিদ ২/২৬)
আফগানিস্তান : ১৪৬/১০ (গুরবাজ ৩৫, ওমরজাই ৩০; মুস্তাফিজ ৩/২৮)
ফলাফল : বাংলাদেশ ৮ রানে জয়ী

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত