বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চাকসু নির্বাচনে মনোনয়ন সংগ্রহে ৪৭৪ শিক্ষার্থী অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট ১,০৬৩ শিক্ষার্থী। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য মনোনয়ন সংগ্রহ করেছেন ৪৭৪ জন এবং হল সংসদের জন্য ৫৮৯ জন। তবে ভিপি, জিএস ও এজিএস পদে কতজন প্রার্থী মনোনয়ন নিয়েছেন তা এখনও জানানো হয়নি।

চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. কেএম আরিফুল হক সিদ্দিকী মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, প্রথম দুইদিন মনোনয়ন সংগ্রহে শিক্ষার্থীদের আগ্রহ তুলনামূলক কম ছিল, তবে শেষ দিনে ব্যাপক সাড়া পাওয়া গেছে। শিক্ষার্থীদের সুবিধার্থে কমিশন সময়ও বৃদ্ধি করেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ চলেছে। দুপুরে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের বিভিন্ন পদে মনোনয়ন প্রত্যাশী শাখা ছাত্রদলের নেতাকর্মীরা মনোনয়ন সংগ্রহ করেছেন। শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, “আমরা চাকসু নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমাদের প্যানেল বা জোটের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।”

ইসলামী ছাত্রশিবিরও পূর্ণাঙ্গ প্যানেলের জন্য মনোনয়ন সংগ্রহ করেছে। চবি ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী জানান, প্যানেলের সকল প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন এবং সকল পদে দায়িত্ব পালনের যোগ্য ব্যক্তিরা থাকবে।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) কোনো প্যানেল দেবে না, তবে ব্যক্তিগতভাবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের সুযোগ রয়েছে। ছাত্র অধিকার পরিষদ ‘চাকসু ফর রেপিড চ্যাঞ্জ’ প্যানেলে এককভাবে নির্বাচন করবে। সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে ভিপি পদে নির্বাচন করবেন আবদুর রহমান রবিন ও জিএস পদে আবদুর রহমান।

দ্রোহ পর্ষদ প্যানেলে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট অংশগ্রহণ করবে। ভিপি পদে ঋজু লক্ষ্মী, জিএস পদে ইফাজ উদ্দিন আহমেদ ও এজিএস পদে শেখ জুনায়েদ কবির প্রতিদ্বন্দ্বিতা করবেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ‘সংঘবদ্ধ ছাত্রী জোট’ প্যানেলের মাধ্যমে প্রীতিলতা হলে অংশ নিচ্ছে।

চাকসু নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২১ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর দুপুর সাড়ে ৩টা এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত