চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে দীর্ঘ প্রতীক্ষার পর মনোনয়ন জমা দিয়েছে বিপুলসংখ্যক প্রার্থী। সর্বশেষ ১৯৯০ সালে অনুষ্ঠিত হওয়ার পর এবারে ৩৫ বছর পর আবারো চাকসু নির্বাচনের আয়োজন করা হচ্ছে। নির্বাচনে অংশ নিতে মোট ৪২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ২৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ২২ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ.কে.এম আরিফুল হক সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিভিন্ন সম্পাদকীয় পদেও প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ১২ জন, সহ-খেলাধুলা সম্পাদক পদে ১৫ জন, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ১৮ জন, সহ-সাহিত্য সম্পাদক পদে ১৬ জন, দপ্তর সম্পাদক পদে ১৮ জন এবং সহ-দপ্তর সম্পাদক পদে ১৪ জন মনোনয়ন জমা পড়েছে। নারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত ছাত্রী কল্যাণ সম্পাদক পদে ১২ জন এবং সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক পদে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ ছাড়া বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে ১১ জন, গবেষণা ও উদ্ভাবন সম্পাদক পদে ১৩ জন, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক পদে ২০ জন, স্বাস্থ্য সম্পাদক পদে ১৭ জন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ১৭ জন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পর্ক সম্পাদক পদে ১৬ জন, যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে ২০ জন, সহ-যোগাযোগ সম্পাদক পদে ১৪ জন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে ১১ জন এবং পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ২১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাহী সদস্যের পাঁচটি আসনের বিপরীতে মনোনয়ন জমা পড়েছে ৮৪টি।
এর আগে চারদিনে কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও হোস্টেল সংসদ মিলিয়ে মোট ১ হাজার ১৬৪টি মনোনয়ন ফরম বিতরণ করেছিল নির্বাচন কমিশন। এর মধ্যে ৯৩১ জন প্রার্থী মনোনয়ন জমা দেন, আর ২৩৩ জন ফরম জমা দেননি। শুধুমাত্র চাকসুর জন্য জমা পড়েছে ৪২৯টি মনোনয়নপত্র। হল ও হোস্টেল সংসদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন ৫০২ জন প্রার্থী—এর মধ্যে ছাত্র হল থেকে ৩৫৬ জন এবং ছাত্রী হল থেকে ১৪৬ জন।
নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ২১ সেপ্টেম্বর হবে মনোনয়নপত্র যাচাই-বাছাই, ২২ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ২৩ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ২৪ সেপ্টেম্বর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির পর ২৫ সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থীর তালিকা।
আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে অনুষ্ঠিত হবে চাকসু ও হল সংসদ নির্বাচন। ভোট শেষে শুরু হবে গণনা। দীর্ঘ বিরতির পর আয়োজিত এই নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়াকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।


