চট্টগ্রামের পটিয়ায় পৃথক অভিযানে ছিনতাই ও চুরির ঘটনায় জড়িত ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, ধারালো অস্ত্র, সিএনজি ও ব্যাটারিচালিত অটোভ্যান উদ্ধার করা হয়। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে পটিয়া থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সামনে চট্টগ্রাম–কক্সবাজার আঞ্চলিক মহাসড়কে শান্তিরহাট মেটারনিটি জেনারেল হাসপাতালের রিসেপশনিস্ট সানজানা শাওনের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পটিয়া থানার এসআই আনবিক চাকমা। স্থানীয়দের সহযোগিতায় তিন ছিনতাইকারী—মো. মিজান (৩২), ইয়াজুল (৩৩) ও মো. কামাল (৫৫)—কে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত নগদ ১০ হাজার টাকা, মোবাইল ফোন ও ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়। ঘটনায় পটিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
একইদিন দুপুরে কাশিয়াইশ ইউনিয়নের পিঙ্গলা এলাকায় গ্রামীণ ব্যাংকের ফিল্ড অফিসার মোহাম্মদ মঈন উদ্দীনের কাছ থেকে কিস্তির টাকা ছিনতাই হয়। টহল পুলিশের এসআই কামাল উদ্দিন-২ নেতৃত্বে অভিযান চালিয়ে তিন আসামি—তৌহিদুল ইসলাম (২৫), রবিউল হাসান (২৩) ও শাহাদাৎ হোসেন (১৯)—কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ছিনতাইকৃত ৬৬ হাজার ৩০৫ টাকা, একটি ছুরি ও একটি রামদা উদ্ধার করা হয়। এ ঘটনায় পটিয়া থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে।
এছাড়াও বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় শান্তিরহাট বাজার এলাকায় মোহাম্মদ নুরুল হকের ব্যাটারিচালিত অটোভ্যান চুরি হয়। পরে কালারপোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. শাহীন মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে আসামি মো. জামাল হোসেন (২৫)-কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে চুরি যাওয়া অটোভ্যানটি উদ্ধার করা হয়।
অন্যদিকে, পৃথক অভিযানে পুলিশ আন্তঃজেলা ছিনতাইচক্রের সদস্য কে এম. মিজবাহ উদ্দিন জিসান (২৫)-কে মেহেরআটি এলাকা থেকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে একাধিক চুরি ও ছিনতাই মামলার তদন্ত চলমান রয়েছে।
পুলিশ জানায়, অভিযানে গ্রেফতার আটজনকেই পৃথক মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।


