বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

রোমাঞ্চকর জয় দিয়ে এশিয়া কাপ সুপার ফোরে বাংলাদেশের শুভসূচনা

নিজস্ব প্রতিবেদক :

শেষ ওভারে দরকার ছিল ৫ রান। দাসুন শানাকার প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ সমতায় আনেন জাকের আলী। ম্যাচ তখন টাই—৫ বলে প্রয়োজন মাত্র ১ রান। কিন্তু হঠাৎ করেই উত্তেজনার পারদ বেড়ে যায়। টানা দুই বলে সাজঘরে ফেরেন জাকের আলী ও শেখ মেহেদী হাসান। মুহূর্তেই চাপের মুখে পড়ে বাংলাদেশ শিবির। তবে সেই চাপ সামলে পঞ্চম বলেই কাঙ্ক্ষিত রানটি তুলে নেন নাসুম আহমেদ। তাতেই শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে সুপার ফোর পর্বে দুর্দান্ত সূচনা করে টাইগাররা। এই জয়ে ফাইনালের সমীকরণেও এগিয়ে গেল বাংলাদেশ। পাকিস্তান ও ভারতের বিপক্ষে সামনে আরও দুটি ম্যাচ রয়েছে। এর যেকোনো একটিতে জয় পেলেই ফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠবে টাইগারদের জন্য।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৬৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় স্কোর মাত্র ১—তখনই শূন্য হাতে ফেরেন তানজিদ হাসান। এরপর লিটন দাসকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেন সাইফ হাসান। দুজনে মিলে ৩৪ বলে গড়েন ৫৯ রানের জুটি। তবে লিটন ফেরেন ব্যক্তিগত ২৩ রানে। অন্যপ্রান্তে সাইফ খেলেন আক্রমণাত্মক ইনিংস, তুলে নেন ক্যারিয়ারের ঝলমলে এক ফিফটি এবং শেষ পর্যন্ত ৪৫ বলে ৬১ রানে বিদায় নেন। মাঝের সময় দায়িত্ব নেন তাওহিদ হৃদয়। সাম্প্রতিক সময়ে ব্যাটিংয়ে অফফর্মে থাকলেও এদিন খেলেন ধীর–স্থির ও দায়িত্বশীল ইনিংস। ৩৭ বলে ৫৮ রানে থামেন তিনি। এ পথে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে নিজের চতুর্থ ফিফটি তুলে নেওয়ার পাশাপাশি ছুঁয়ে ফেলেন এক হাজার রানের মাইলফলক। শেষদিকে জাকের আলী, শামীম পাটোয়ারী ও নাসুম আহমেদের ছোট ছোট অবদান ম্যাচকে রোমাঞ্চকর জয় এনে দেয় বাংলাদেশের ঝুলিতে।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রান তোলে শ্রীলঙ্কা। ইনিংসের শুরুটা ছিল ঝড়ো। কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা দ্রুত রান তুললেও বাংলাদেশকে খেলায় ফেরান তাসকিন আহমেদ। এরপর শেখ মেহেদী ফিরিয়ে দেন মেন্ডিস ও মিশরাকে। মাঝপথে ব্যাটিংয়ে ধস নামলেও শেষদিকে ঝড় তোলেন দাসুন শানাকা। ৩৭ বলে অপরাজিত ৬৪ রানের দাপুটে ইনিংস খেলে লঙ্কানদের সংগ্রহ ভরাট করেন তিনি। তাকে সঙ্গ দেন চারিথ আসালঙ্কা, ১২ বলে ২১ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মুস্তাফিজুর রহমান, খরচ করেন মাত্র ১৯ রান। শেখ মেহেদীর ঝুলিতে যায় ২টি এবং তাসকিন নেন একটি উইকেট।

২৪ সেপ্টেম্বর সুপার ফোরে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ভারত। জয় ধরে রাখতে পারলে ফাইনালের পথ আরও সহজ হয়ে যাবে টাইগারদের জন্য।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত