কক্সবাজারের ঈদগাঁও–ঈদগড় সড়কে কিছুদিন বিরতির পর পুনরায় ডাকাতি ও দুই মোটরসাইকেল আরোহী অপহরণের শিকার হয়েছেন।
সোমবার (২২ সেপ্টেম্বর )সকাল সাড়ে ১০টার দিকে সড়কের ঈদগাঁও হিমছড়ি ঢালায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল যোগে দুই আরোহী ঈদগড় থেকে ঈদগাঁওয়ের উদ্দেশ্যে যাওয়ার পথে সড়কের ডাকাত জোন হিসেবে খ্যাত হিমছড়ি ঢালায় পৌঁছালে ওৎ পেতে থাকা সশস্ত্র ডাকাত দলের কবলে পড়েন । এসময় ডাকাতরা মোটরসাইকেলের গতিরোধ করে দুই আরোহীকে অপহরণ করে বনের দিকে নিয়ে যায়। এর পূর্বে আরো কয়েকজন পথচারিও ডাকাতির শিকার হয়।
অপহৃতদের এলাকার গণমাধ্যমকর্মী আবুল কাসেম নিশ্চিত করেছেন, অপহৃতরা হচ্ছে কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৪ নং ওয়ার্ড পূর্ব রাজঘাট এলাকার আব্দু শুক্কুর মোক্তার আহমদ (৩০) ও ৩ নং ওয়ার্ড ফাতেমার ঘোনা চরপাড়ার মৃত হোসেন আহমদের ছেলে হেলাল (২৬)। তিনি আরো জানান ,ইতিমধ্যে অপহরণকারীরা অপহৃতদের মোবাইল থেকে পরিবারের কাছে ৫লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।
এই বিষয়ে ঈদগাঁও থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, সংবাদ পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন এবং নিজে অপহৃতদের উদ্ধারে অভিযানে নেতৃত্ব দিচ্ছেন।
উল্লেখ্য, ইতিপূর্বে এ সড়ক যত ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটেছে পরবর্তীতে যখন ভিকটিম পরিবার ঈদগাঁও থানায় যান তখন থানা কর্তৃপক্ষ ঘন্টার পর ঘন্টা গড়িমসি করে নিখোঁজ ডায়েরী দিতে বাধ্য করতেন। অতীতের একটি ঘটনায়ও ডাকাত আটক কিংবা অপহৃতদের উদ্ধারে পুলিশকে কার্যকর ব্যবস্থা নেয়নি বলে উপরোক্ত এলাকার ভিকটিম পরিবার গুলো বারবার ক্ষোভের সাথে অভিযোগ তুলে আসছেন।


