চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে গাউসুল আযম হযরত মুহিউদ্দিন আবদুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহুর পবিত্র ফাতেহা-ই ইয়াজদাহুম উপলক্ষে মাহফিল।
গাউসিয়া কমিটি বাংলাদেশ পাহাড়তলী শেখপাড়া শাখার উদ্যোগে আগামী ১৮ অক্টোবর শনিবার পাহাড়তলী শেখপাড়া পরিজান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত হবে ১৮তম গাউসুল আযম জিলানী কনফারেন্স। দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে স্থানীয় এলাকাবাসী ও প্রবাসীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আয়োজকরা ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।
এদিন সকাল থেকে খতমে কুরআন, গাউসিয়া শরীফ পাঠসহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সকাল ১০টায় দাওয়াতে খায়র মহিলা মাহফিল অনুষ্ঠিত হবে, যা পরিচালনা করবে গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ।

বাদে মাগরিব থেকে শুরু হবে ১৮তম গাউসুল আযম জিলানী কনফারেন্সের মূল আয়োজন। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ফটিকছড়ি সৈয়দ বাড়ী দরবার শরীফের সাজ্জাদানশীন হযরতুলহাজ্ব আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা। এছাড়া বিশেষ আলোচক হিসেবে অংশ নেবেন আনজুমান রিসার্চ সেন্টারের পরিচালক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, লেখক ও গবেষক মাওলানা মুহাম্মদ আবুল হাশেম ক্বাদেরী এবং জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার আরবী মুদাররিস মাওলানা মুহাম্মদ জয়নাল আবেদীন আল কাদেরী। তাদের গবেষণামূলক আলোচনা ও আধ্যাত্মিক দিকনির্দেশনা উপস্থিত মুসল্লিদের জন্য হয়ে উঠবে অনুপ্রেরণার উৎস।
গাউসিয়া কমিটি বাংলাদেশ পাহাড়তলী শেখপাড়া শাখার ব্যবস্থাপনায় এবং স্থানীয় বাসিন্দা ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় এ আয়োজন সফল করার প্রস্তুতি চলছে। আয়োজকরা জানিয়েছেন, গাউসুল আযম জিলানী কনফারেন্স শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি আধ্যাত্মিক উন্নয়ন, নৈতিক শিক্ষা ও মুসলিম উম্মাহর ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়ার এক মহতী ক্ষেত্র। ফাতেহা-ই ইয়াজদাহুম মুসলমানদের হৃদয়ে ভক্তি, ত্যাগ ও সৎকর্মের অনুপ্রেরণা জাগিয়ে তোলে।
এ মহতী মাহফিলে অংশগ্রহণ করে ধর্মীয় অনুপ্রেরণা ও আধ্যাত্মিক ফয়েজ লাভের জন্য ধর্মপ্রাণ সকল মুসল্লি ও সাধারণ মানুষকে উপস্থিত থাকার জন্য মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আন্তরিক আহ্বান জানানো হয়েছে।


