বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নিউ ইয়র্কে বিমানবন্দরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী বিএনপি ও এনসিপি নেতাদের ওপর আওয়ামী লীগ কর্মীদের হেনস্তার ঘটনা তাদের রাজনৈতিক ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে দিয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরের আগ্রাবাদে মা ও শিশু জেনারেল হাসপাতাল মেডিক্যাল কলেজের ১৪তম ব্যাচের ইন্টার্ন সমাপ্তি ও এমবিবিএস সনদ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আমির খসরু বলেন, “রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে পালিয়ে গিয়ে তাদের এ ধরনের কাজ ছাড়া আর কিছু করার নেই। এটাই তো স্বাভাবিক—দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে তারা। এর ফলে তাদের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়ছে।”
তিনি আরও বলেন, “এ ঘটনায় দূতাবাসের গোয়েন্দা ব্যর্থতা আছে কি না সেটা আমি নিশ্চিত নই। নিরাপত্তা ওই দেশের বিষয়। গণতান্ত্রিক দেশে এমন ঘটনা হতেই পারে। যার সমর্থন আছে সে-ও করতে পারে, যার নেই সে-ও করতে পারে। তবে গণতন্ত্রে বিশ্বাস না করা রাজনৈতিক শক্তি এসব নোংরা কাজ করবেই।”
এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল মেডিক্যাল কলেজ যাত্রা শুরু করে, তা আজ অনেকখানি পূর্ণতা পেয়েছে। শিক্ষার্থীরা তাদের যোগ্যতা ও মেধার প্রমাণ দিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছেছে। আশা করি, নতুন প্রজন্মের চিকিৎসকরা দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করবেন এবং গবেষণালব্ধ জ্ঞান কাজে লাগিয়ে চিকিৎসার মান আরও সমৃদ্ধ করবেন।”
তিনি বিএনপির পক্ষ থেকে দেশের প্রতিটি ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং সবার জন্য সুচিকিৎসা নিশ্চিত করার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এ লক্ষ্যে তিনি সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক (মেডিক্যাল অ্যাফেয়ার্স) ও ভারপ্রাপ্ত পরিচালক (প্রশাসন) ডা. এ কে এম আশরাফুল করিম।
এ সময় কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারি জাহিদুল হাসান, ট্রেজারার অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ, সদস্য তারিকুল ইসলাম তানভীর, সাইফুল আলম, ডা. বেলায়েত হোসেন ঢালী, ডা. মোহাম্মদ সারোয়ার আলম ও মোহাম্মদ আবুল হাশেম উপস্থিত ছিলেন।


