চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ব্যানার নিয়ে ঝটিকা মিছিল করেছে। এ সময় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন যুবলীগসহ অন্যান্য নেতাকর্মীরাও এতে অংশ নেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নগরের খুলশী থানাধীন সিডিএ অ্যাভিনিউ সড়কে পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে দিয়ে এ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী শিল্পকলা একাডেমিসংলগ্ন এমএম আলী রোডের মুখে জড়ো হয়ে একটি ব্যানার হাতে মিছিল শুরু করেন। হাতে থাকা ব্যানারে লেখা ছিল— ‘হঠাও ইউনূস, বাঁচাও দেশ’, ‘শেখ হাসিনাতেই আস্থা’, ‘শেখ হাসিনা ফিরবেই, বিজয় আসবেই’।
মিছিলটি দ্রুত পুলিশ কমিশনারের কার্যালয় অতিক্রম করে গরীবুল্লাহ শাহ মাজারসংলগ্ন বাসস্ট্যান্ডে পৌঁছায়। সেখানে একটি পুলিশের গাড়ি সামনে আসতেই মুহূর্তের মধ্যে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পুরো ঘটনাটি মাত্র ৪৮ সেকেন্ড স্থায়ী হয়। পরে ওই মিছিলের ভিডিও আওয়ামী লীগের ফেসবুক পেজসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
এ বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন সাংবাদিকদের বলেন, “এক মিনিটেরও কম সময় তারা মিছিল করেছে। ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এতে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চলছে।”
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের এমন প্রকাশ্য মিছিল নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।


