কক্সবাজারের ঈদগাঁও থানার অধীন দূর্গম পাহাড়ি জনপদ ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে যুগের পর যুগ চলা ডাকাতি, অপহরণ ও ছিনতাই বন্ধে সাহসী পদক্ষেপ নিয়েছেন সদ্য যোগদানকৃত থানার ওসি ফরিদা ইয়াসমিন। তিনি বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে পাহাড় ও বনাঞ্চলে সাড়ে তিন ঘণ্টাব্যাপী চিরুনি অভিযান পরিচালনা করেন।
ওসির নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেন জেলা পুলিশ লাইনের অতিরিক্ত সদস্যরা, রামু ও পেকুয়া থানা পুলিশ, ডিবির পুরুষ ও নারী সদস্যরা। অভিযানে ডাকাত ও অপহরণচক্রের বিচরণস্থল ও গুরুত্বপূর্ণ কয়েকটি স্থান চিহ্নিত করা হয়। স্থানীয় জনগণও অভিযানকারীদের সহযোগিতা করেন।
অভিযান শেষে সাংবাদিকদের ওসি ফরিদা ইয়াসমিন জানান, ডাকাতি ও অপহরণসহ অপরাধের শেকড় নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “অপরাধ দমন করেই আমি এই স্টেশন ছাড়ব।”
এদিকে গভীর জঙ্গলে অভিযান চালানোর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বমহলে প্রশংসা কুড়ান এই নারী পুলিশ কর্মকর্তা। বিশেষ করে অনলাইন এক্টিভিস্ট ও সাধারণ মানুষ মন্তব্য করেন, অতীতে একের পর এক পুরুষ ওসি থাকলেও তাঁরা এ ধরনের কঠিন পদক্ষেপ নিতে সাহস করেননি। অথচ ফরিদা ইয়াসমিন দায়িত্ব গ্রহণের মাত্র এক সপ্তাহের মধ্যে টানা দুই দফা অভিযান চালিয়ে জনমনে আস্থা ফেরাতে সক্ষম হয়েছেন।
উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর যোগদান করার মাত্র দুই দিন পরেই ২২ সেপ্টেম্বর উক্ত সড়কে গণডাকাতি ও অপহরণের ঘটনা ঘটে। সে সময় তাঁর নেতৃত্বে চালানো চিরুনি অভিযানের চাপে ডাকাতরা একই রাতে মুক্তিপণের বিনিময়ে অপহৃতদের ছেড়ে দিতে বাধ্য হয়।


