বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৮০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা  কারবারি আটক

আনোয়ার হোছাইন, (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধি : 

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার হয়েছে। এসময় ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোররাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের পশ্চিমকুল এলাকায় অভিযান চালানো হয়। মিয়ানমার দিক থেকে কয়েকজন ব্যক্তি সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে বিজিবির টহলদল তাদেরকে চ্যালেঞ্জ জানায়। উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেলেও এসময় একজনকে আটক করা সম্ভব হয়।

আটককৃত রোহিঙ্গার নাম মো. আলম (৩০)। তার পিতা নুরুল হক এবং তিনি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ (ইস্ট), ব্লক-এ-১ এর বাসিন্দা। তার বহন করা ব্যাগ থেকে উদ্ধার হয় মোট ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) জানান, “পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, আটক রোহিঙ্গাকে ইয়াবাসহ প্রচলিত আইনে মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ ৩৪ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা ও মাদক প্রতিরোধে বিশেষ ভূমিকা রেখে আসছে। তাদের ধারাবাহিক অভিযানে সীমান্ত এলাকায় বসবাসরত মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত