কক্সবাজারের ঈদগাঁওয়ে গর্তের পানিতে ডুবে শামীম হোসেন (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঈদগাঁও সদর ইউনিয়নের উত্তর মাইজপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম একই এলাকার কামাল হোসেনের ছেলে।
স্থানীয় মোবারক মিস্ত্রীর ভাষ্য, শিশুটি পরিবারের অগোচরে খেলার ছলে বসতঘরের পাশের একটি পরিত্যক্ত গর্তে পড়ে যায়। দীর্ঘ সময় তার খোঁজ না পেয়ে পরিবার খুঁজতে শুরু করে। এক পর্যায়ে গর্তে উপুড় অবস্থায় শিশুটিকে দেখতে পায় তারা। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। রিপোর্ট লেখা পর্যন্ত দাফনের প্রস্তুতি চলছিল।
ঈদগাঁও সদর ইউনিয়ন পরিষদের সদস্য জয়নাল আবেদীন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


