বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই উপজাতি নারীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোরে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। এসময় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন—উছাইয়ে মার্মা (১৫) ও মাচিং ওয়াং মার্মা (৮০)। তারা দুজনই উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চিংথোয়াই পাড়ার বাসিন্দা।
নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ কর্মকর্তা ফেরদৌস রনি বলেন “ আটক দুই নারীকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও চিহ্নিত করার চেষ্টা চলছে। উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য প্রায় চার কোটি টাকা।”
এবিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক এ প্রতিবেদককে বলেন “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এই অভিযান চলমান। মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”
এদিকে, সোনাইছড়ি এলাকার স্থানীয়রা বলেন “এলাকায় দিন দিন ইয়াবা ব্যবসা ভয়ঙ্কর আকার ধারণ করছে। এতে যুবসমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী সাম্প্রতিক সময়ে মাদকবিরোধী কঠোর অবস্থান নেওয়ায় আমরা খুশি।”
অন্যদিকে পুলিশের দাবি, এই অভিযান সফল হলেও মাদকের মূল চক্র এখনও ধরা পড়েনি। এলাকাবাসীর প্রত্যাশা, মাদকবিরোধী এই অভিযান আরও জোরদার হবে এবং মাদক ব্যবসার মূল গডফাদারদেরও আইনের আওতায় আনা হবে।


