ফরিদপুর ও কুমিল্লা নামে নতুন দুটি প্রশাসনিক বিভাগ গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। একইসঙ্গে নতুন দুটি উপজেলা গঠনেরও সিদ্ধান্ত হয়েছে। আগামী মাসে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ডেইলি স্টার অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়, জাতিসংঘ সাধারণ অধিবেশন শেষে প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর অক্টোবরের প্রথম সপ্তাহে নিকার বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
এর আগে গত ৮ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রি-নিকার বৈঠকে ফরিদপুর ও কুমিল্লা শহরের নামেই নতুন দুটি বিভাগ এবং দুটি নতুন উপজেলা গঠনের প্রাথমিক সিদ্ধান্ত হয়।
জনপ্রশাসন সংস্কার কমিশন ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলা নিয়ে ফরিদপুর বিভাগ গঠন এবং ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলা নিয়ে কুমিল্লা বিভাগ গঠনের প্রস্তাব দিয়েছে।
বর্তমানে দেশে মোট আটটি প্রশাসনিক বিভাগ রয়েছে—ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ। এর মধ্যে সর্বশেষ ২০১৫ সালে ময়মনসিংহকে বিভাগ হিসেবে উন্নীত করা হয়।
এছাড়া নতুন উপজেলা গঠনের অংশ হিসেবে কুমিল্লার মুরাদনগর ও চট্টগ্রামের ফটিকছড়ি ভেঙে দুটি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত হয়েছে। মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানাধীন ১০টি ইউনিয়ন নিয়ে ‘বাঙ্গরা উপজেলা’ এবং ফটিকছড়িকে ভেঙে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা গঠনের খসড়া প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগ চূড়ান্ত করেছে।
বর্তমানে মুরাদনগর উপজেলায় মোট ২২টি ইউনিয়ন রয়েছে।


