চট্টগ্রাম নগরে বাসচাপায় মনি আক্তার (২৭) নামে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে নগরের পতেঙ্গা থানার কর্ণফুলী ইপিজেডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনি আক্তার, চন্দনাইশ উপজেলার দোহাজারী দিয়াকুল এলাকার বাসিন্দা। তিনি কর্ণফুলী ইপিজেডের একটি গার্মেন্টস কারখানায় কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গার্মেন্টস কর্মীদের বহনকারী একটি বাস দ্রুতগতিতে এসে ওই নারীকে চাপা দেয়। এতে তার পা থেকে কোমর পর্যন্ত থেঁতলে যায়।
মনি আক্তারকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় আরেক গার্মেন্টসকর্মী কিসমত আরা। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাস্তার পাশে পড়ে ছিল মনি আক্তার। সেখান থেকে সিএনজি অটোরিকশা করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে হাসাপাতালে আনা হয়। হাসপাতালে আনার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক বলেন, ‘আজ সকালে পতেঙ্গা থানার কর্ণফুলী ইপিজেডের সামনে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় মনি আক্তার নামে এক নারীকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে ভর্তি করানোর পর সকাল সোয়া দশটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
এদিকে, পতেঙ্গা থানা পুলিশ দুর্ঘটনার জন্য দায়ী বাসটিকে জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।


