বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

নিজস্ব প্রতিবেদক :

দেশের সার্বভৌমত্ব রক্ষা ও ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় গৃহীত পদক্ষেপ ‘মা ইলিশ সংরক্ষণ-২০২৫’ অভিযানের অংশ হিসেবে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৭ অক্টোবর) বঙ্গোপসাগরে টহল চলাকালে অসহায় ও জীবন বিপন্ন অবস্থায় থাকা ২৬ জন জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’।

‘এমভি তাজমিনুর রহমান’ নামের মাছ ধরার ট্রলারটি কক্সবাজার বাতিঘরের প্রায় ২৭ নটিক্যাল মাইল দূরে ইঞ্জিন বিকল অবস্থায় ভাসছিল। ট্রলারটির গতিবিধি অস্বাভাবিক মনে হলে নৌবাহিনীর জাহাজ সেটির কাছে অগ্রসর হয়। পরে দেখা যায়, বিপদগ্রস্ত জেলেরা সাহায্যের সংকেত দিচ্ছেন। দ্রুত তাদের উদ্ধার করে নৌবাহিনীর সদস্যরা নিরাপদে জাহাজে তোলেন।

উদ্ধারের পর ক্ষুধার্ত জেলেদের তাৎক্ষণিকভাবে খাবার, বিশুদ্ধ পানি এবং জরুরি চিকিৎসা সেবা প্রদান করা হয়। পরবর্তীতে ট্রলার ও জেলেদের নিরাপদে তীরে পৌঁছে তাদের পরিবার ও ট্রলারের মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়।

জেলেদের বরাত দিয়ে জানা যায়, তারা গত ৩০ সেপ্টেম্বর মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যান এবং ৩ অক্টোবর তীরে ফেরার সময় ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে মাঝসমুদ্রে ভাসতে থাকেন। উদ্ধারকৃত সব জেলে কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা।

বাংলাদেশ নৌবাহিনী জানায়, দেশের সমুদ্রসীমা রক্ষা, উপকূলীয় অঞ্চলের জনগণের নিরাপত্তা ও মানবিক সহায়তা নিশ্চিত করতে নৌবাহিনীর টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত